সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
সিরাজগঞ্জে খালেদা জিয়ার সমাবেশের কাছে ট্রেনে কাটা পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সিরাজগঞ্জের এই ট্রেন দুর্ঘটনাকে আওয়ামী লীগ একটি স্বাভাবিক দুর্ঘটনা বলে মনে করে। তবে এ ক্ষেত্রে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তাদের দায়িত্বহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিকেল সাড়ে তিনটায় এই সম্মেলন শুরু হয়।সিরাজগঞ্জের দুর্ঘটনাটি পরিকল্পিত কি না, এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মাহবুব উল আলম হানিফ এ সময় চারটি প্রশ্ন রাখেন। রেল লাইনের এত কাছে কেন জনসভার আয়োজন করা হয়েছে, হুইসেল দেওয়ার পরও কেন জনগণ সরে যায়নি, সে সময় বিএনপির নেতারা মাইকে ভাষণ দিচ্ছেলেন, তাহলে তাঁরা কেন জনসাধারণকে সরে যেতে বলেননি এবং জনসভা করতে নির্ধারিত স্থানের জন্য বিএনপি কেন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেয়নি। এ ক্ষেত্রে কর্তৃপক্ষ কী করল—এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রশাসন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট লোকজনকে সরে যেতে বললেও তারা সরেনি। আর জনসভাটি ছিল বিরোধী দলের প্রধানের একটি কর্মসূচি। সে ক্ষেত্রে যদি প্রশাসন মঞ্চটি তুলে দিত, তাহলে বিরোধী দল এটিকে রাজনৈতিক ইস্যু বানাত। সরকার এ ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, নূহ-উল আলম লেনিন, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস প্রমুখ।দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে নাটোরে উপজেলার চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর হত্যার বিষয়টি সম্পর্কে বলা হয়, ঘটনাটি নিয়ে বিরোধী দল রাজনীতি করার চেষ্টা করছে। ঘটনাটি অন্যায় হয়েছে। আওয়ামী লীগ ও বর্তমান সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিএনপি সরকারের আমলে নাটোরেই বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর কয়েকবার হামলা চালানো হয়েছিল। সাবেক স্থানীয় আওয়ামী লীগের সাংসদকে হত্যা করা হয়েছিল। গত জোট সরকারের আমলে প্রায় ২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করা হয়। মাহবুব উল আলম বিএনপির মুখোশ উন্মোচন করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এমন কোনো কাজ করবেন না বা প্রশ্রয় দেবেন না, যাতে জনগণ আশাহত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান সরকার ও আওয়ামী লীগের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়, এমন কোনো কাজ করবেন না। আপনারা বিএনপি- জামায়াতের প্ররোচনার ফাঁদে পা দেবেন না। জনগণ ভোট দিয়ে দিন বদল করার যে সুযোগ দিয়েছে, তা আওয়ামী লীগ হারাতে চায় না।’