সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার তদন্তে বিএনপির গঠিত গণতদন্ত কমিশনের চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সিরাজগঞ্জে ১১ অক্টোবর খালেদা জিয়ার গণজমায়াতের সভায় ট্রেন চালিয়ে দিয়ে মানুষ হত্যার দুঃখজনক ঘটনার যখন নিরপেক্ষ তদন্ত হচ্ছিল না, তখন বিরোধীদলীয় নেতার নির্দেশে গণতদন্ত কমিশন গঠন করা হয়। সরকারি কর্মচারীদের নিয়ে গঠিত কমিটি দিয়ে সঠিক তদন্ত হবে না। সরকারের উচিত ছিল সর্বদলীয় বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি গঠন করা এবং সঠিক তথ্য জনগণকে দেওয়া। বিকেল চারটায় সিরাজগঞ্জ জেলা আইনজীবীর সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এই ঘটনার সঙ্গে রহস্য রয়েছে। দিনের আলোয় কী করে চলন্ত ট্রেন মানুষ হতাহত করতে পারে, বিষয়টি খতিয়ে দেখতে হবে। এটি ষড়যন্ত্র না কি দায়িত্বে অবহেলা, তা-ও খুঁজে দেখতে হবে। এই লক্ষ্যে সিরাজগঞ্জের জেলা আইনজীবী সমিতির কক্ষে আরও সাত দিন সাক্ষ্য নেওয়া হবে। আশা করা হচ্ছে, ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া যাবে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এমন কিছু করবেন না যাতে জনগণ ক্ষুব্ধ হয়। কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়। ভবিষ্যতে এর প্রতিফলন ঘটতে পারে।’সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণতন্ত্র কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ে বিভাগের কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে মাহবুব হোসেনের নেতৃত্বে নয় সদস্যের কমিশনের সাতজন আজ দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জে পৌঁছান। তাঁরা প্রথমে ঘটনাস্থলে না গিয়ে শিয়ালকোল, ভদ্রঘাট এলাকায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। পরে শহরের বানিয়াপট্টি এলাকায় সাক্ষ্যগ্রহণ এবং বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত দলের একটি সূত্র দাবি করে বলেছে, তাঁরা মোট প্রকাশ্য ১৩ জন এবং অপ্রকাশ্যে ২৫ জন ব্যক্তির সাক্ষ্য নিয়েছেন।