সিরাজগঞ্জে ট্রেনে আগুন: রেলওয়ে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার সাত কার্যদিবস শেষে রেলওয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান প্রকৌশলী আমজাদ হোসেনের নেতৃত্বে রেলওয়ের তদন্ত কমিটি রাজধানীতে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দিয়েছেন।রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আনহার আহমেদ বলেছেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এ প্রতিবেদনে কী আছে তা গোপনীয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত দলের প্রতিবেদনও আজ জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্ত দলের অনুরোধে সেটি জমা দেওয়ার সময় ২০ কার্যদিবস বাড়ানো হয়েছে। এদিকে সিরাজগঞ্জ থেকে দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনটি কাল শুক্রবার সকাল আটটা ২০ মিনিট থেকে চালু হচ্ছে। ট্রেনটির চারটি বগি রেলওয়ের পূর্ব জোন ও ছয়টি বগি পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে আনা হয়েছে। জেলা প্রশাসন তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী প্রথম আলোকে জানান, জেলা প্রশাসন তদন্ত দল বিকেলে সাক্ষ্য নেবে। প্রসঙ্গত, ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপির সভাস্থলের পাশে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হয়। এরপর ট্রেনটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।