সিরাজগঞ্জে ঢিলেঢালা হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ বুধবার ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকালে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের সমাজকল্যাণ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান।শহরের গোশালা সড়কে টায়ার জ্বেলে রাস্তা অবরোধ করেন ছাত্রদলের কর্মীরা। এ সময় একটি রিকশা ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।সকালে হরতালের সমর্থনে শহরে মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।সিরাজগঞ্জ থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রিকশা-ভ্যানসহ হালকা যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।উপজেলা শহরগুলোতে সকাল থেকে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এহসানুল কবির প্রথম আলো ডটকমকে জানান, হরতাল-পরিস্থিতি এখনো স্বাভাবিক। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।