সিরাজগঞ্জে তাঁতশ্রমিককে হত্যা
সিরাজগঞ্জের সদর উপজেলার চরমাইজাইল গ্রামের তাঁতশ্রমিক মইনুল ইসলামকে (৪৫) দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। মইনুলের স্ত্রী বুলু খাতুনের দাবি, গতকাল সোমবার রাত ১০টার দিকে চরমাইজাইল গ্রামের কয়েকজন লোক তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আজ ভোরে বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মইনুলের লাশ পাওয়া যায়। শত্রুতার কারণে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা জানান, মইনুল তাঁতশ্রমিক ছিলেন। আজ সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখা গেছে। পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা তাঁকে শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে বেঁধে রাখে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় মইনুলের স্ত্রী বুলু খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।