সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার বামনগাঁ গ্রামের আলমগীর খাঁ (৪৫) ও একই গ্রামের সৈয়দ আলী খাঁ (৩৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বামনগাঁ গ্রামের মৃত আকবর খাঁর পরিবার ও তাঁর চাচাতো ভাই শামসুল ইসলাম খাঁর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শামসুল ইসলাম তিন দিন আগে বিরোধপূর্ণ জমিতে কলাই বোনেন। আজ সকালে আলমগীর তাঁর লোকজন নিয়ে ওই জমিতে চাষ দিতে যান। এ সময় শামসুল তাঁর দলবল নিয়ে বাধা দিলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে আলমগীর নিহত ও দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সৈয়দ আলী মারা যান। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে আজ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।