সিরাজগঞ্জে দুর্ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত দল
সিরাজগঞ্জের সয়দাবাদে আজ বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে বিভাগের পাঁচ সদস্যের তদন্ত দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। পশ্চিমাঞ্চলীয় রেলের প্রধান প্রকৌশলী আমজাদ হোসেনের নেতৃত্বে তদন্ত দলটি আশপাশের বাসিন্দা ও স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছে। দুপুর পর্যন্ত এ তদন্ত কাজ চলে। পশ্চিমাঞ্চলীয় রেলের প্রধান প্রকৌশলী আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, তদন্তকাজের জন্য নির্দিষ্ট তিন দিন সময়সীমার বাইরে তাঁরা আরও ৪ দিন সময় চেয়েছেন। তবে তদন্তের স্বার্থে তিনি কোনো তথ্য জানাননি। তদন্ত দলে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আউয়াল ভূঁইয়া, চিফ সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী আনোয়ারুল হক, চিফ মেকানিক্যাল প্রকৌশলী দুলাল কুমার রায় ও পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে হাসপাতালের চিকিত্সক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত দল কাজ করছে। গত ১২ অক্টোবর রাত থেকেই তদন্তকাজ চলছে। এক বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছেন, আগামীকাল শুক্রবার দুর্ঘটনার ব্যাপারে জনসাধারণের সাক্ষ্য নেওয়ার জন্য জেলা প্রশাসক কার্যালয় উন্মুক্ত রাখা হয়েছে। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো পুলিশ মোতায়েন আছে। গতকাল বুধবার রাতে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাসহ যে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে তা তদন্তের জন্য বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ জিলানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর বিকেলে খালেদা জিয়ার জনসভা মঞ্চের ২০ গজ দূরে ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হন। এরপর সৃষ্ট সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। তখন বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকেরা ট্রেনে আগুন ধরিয়ে দেন। ট্রেনে লুটপাটও চলে। ওইদিন বেলা পৌনে তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে।