সিরাজগঞ্জে নিজ ঘরে সদর হাসপাতালের চিকিৎসক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল বাকী মির্জাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরে সরকারি আবাসিক ভবনের নিজ কক্ষ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত বাকী মির্জার গ্রামের বাড়ি জেলার শাহজাদপুর উপজেলার রূপপুর নতুনপাড়া গ্রামে। তাঁর স্ত্রী রাজধানীর মহাখালীতে একটি হাসপাতালের চিকিৎসক। তাঁদের চার বছরের একটি মেয়ে রয়েছে। জানা যায়, চার বছরের বেশি সময় ধরে চিকিৎসক বাকী মির্জা শহরে গণপূর্ত বিভাগের সরকারি ব্যাচেলর ডরমিটরির দোতলায় আট নম্বর কক্ষে বাস করছিলেন। এর প্রায় ২০০ মিটার দূরে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত।পুলিশ ও ডরমিটরি সূত্র জানায়, চিকিৎসক বাকী মির্জা গত শুক্রবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করে রাত সাড়ে নয়টার দিকে ডরমিটরিতে ফিরে আসেন। সরকারি ছুটি থাকায় ওই দিন ভবনে একজন ছাড়া অন্য কেউ ছিলেন না। গতকাল দুপুরের দিকে এক কলেজছাত্রী বাকী মির্জাকে খুঁজতে এসে তাঁর কক্ষ বাইরে থেকে ছিটকানি মারা দেখেন। ওই ভবনের নয় নম্বর কক্ষে থাকা পুলিশ সুপারের কার্যালয়ে রিডার পদে কর্মরত মো. ছোহরাব হোসেন প্রথম আলোকে জানান, ‘ছুটির কারণে আমি বাইরে ছিলাম। গতকাল দুপুর আনুমানিক দুইটার দিকে কক্ষে আসার পথে একজন ছাত্রীকে ডা. বাকী মির্জার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। ওই ছাত্রী দরজার হ্যাসবোল্ট (ছিটকানি) খুলতে পারছিল না। আমাকে খোলার অনুরোধ করলে আমি হ্যাসবোল্টটি খুলে চলে যাই। পরে ওই ছাত্রী চিকিৎসকের ঘরে ঢুকে তাঁর রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে ওঠে। পরে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই।’খবর পেয়ে পুলিশ বিকেলে চিকিৎসকের লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় ওই ভবনে কর্মরত গৃহপরিচারিকা রত্না বেগম ও খায়রুন নাহারসহ ওই কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশাররফ হোসেন, সিভিল সার্জন আবদুর রাজ্জাক, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।শুক্রবার রাতে ডরমেটরিতে থাকা গণপূর্ত বিভাগের সিরাজগঞ্জের উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১০টার দিকে ডা. বাকী মির্জা পানি খেতে দোতলা থেকে নিচে নামেন। পরে তাঁর সঙ্গে আর দেখা হয়নি। পরে দুপুরে জানতে পারি তিনি তাঁর কক্ষের মধ্যে খুন হয়েছেন।’এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, নিহতের মাথায়, মুখে, গলায় ও বুকে পাঁচটি মারাত্মক কোপের চিহ্ন দেখা গেছে। তাঁর হাত ও পা বাঁধা ছিল। দুর্বৃত্তদের সঙ্গে চিকিৎসকের ধস্তাধস্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরনে কোনো কাপড় ছিল না। ওসি জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করার পর তাঁর মুখে কাপড় ঢুকিয়ে দেয়। ভোর রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। হত্যার পর ঘরটির দরজার ছিটকিনি বাইরে থেকে বন্ধ করে তারা চলে যায়। ওই ঘর থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। রহস্য উদ্ঘাটন করতে দুজন গৃহপরিচারিকাসহ ঘটনাস্থলে আসা কলেজছাত্রীকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সিরাজগঞ্জের সিভিল সার্জন আবদুর রাজ্জাক আলম জানান, জেনারেল হাসপাতালের দায়িত্ব পালন শেষে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভারপ্রাপ্ত আরএমও আবদুল বাকী মির্জা তাঁর কক্ষে চলে যান। গতকাল সকালে হাসপাতালে দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি আসেননি। ঘটনাটি কীভাবে ঘটল বলা মুশকিল।নিহতের লাশ ময়নাতদন্তর জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।