সিরাজগঞ্জে পণ্যের মান পরীক্ষার ব্যবস্থা নেই
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা থেকে লবণ, সরিষার তেল ও গুঁড়া মরিচের মান পরীক্ষার জন্য ঢাকার মহাখালী জনস্বাস্থ্য পাবলিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল ২০০৮ সালের ১৩ জুলাই। আর সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ওই পরীক্ষার ফলাফল পৌঁছায় ২০০৯ সালের ২২ মার্চ। নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ এক মাসের মধ্যে ওই ফলাফল পাঠানোর কথা। কিন্তু ঢাকার ওই প্রতিষ্ঠান ছাড়া উত্তরাঞ্চলের ১৬টি জেলার কোথাও মান পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় এ বিলম্ব হয়। ফলে বিভিন্ন ভেজাল পণ্য অবাধে ক্রয়-বিক্রয় হলেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এর পরিধি বেড়েই চলেছে।সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই শাহজাদপুর থেকে পামঅয়েল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়, যার ফলাফল আসে ২০০৯ সালের ২০ মে, রংপুরের বদরগঞ্জ থেকে ২০০৮ সালের ২১ জুলাই সরিষার তেল পাঠানো হলে, তার পরীক্ষার ফলাফল আসে ২০০৯ সালের ৮ এপ্রিল। জানা যায়, জেলা ও উপজেলা পর্যায়ে পণ্যের মান যাচাই করেন স্যানিটারি ইন্সপেক্টরেরা। জেলায় তাঁরা সিভিল সার্জনের অধীনে এবং উপজেলায় থাকেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অধীনে। স্যানিটারি ইন্সপেক্টরেরা বাজার পরিদর্শনের সময় কোনো পণ্য ভেজাল বলে সন্দেহ হলে খাদ্য নমুনা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। অথচ উপকরণ থাকলে তাঁরা তাত্ক্ষণিকভাবে ওই পণ্য পরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেন, ব্যবস্থা নেওয়া যেত ভেজালকারীদের বিরুদ্ধে। কিন্তু পরীক্ষার ব্যবস্থা না থাকায় পণ্যের মালিকের কাছ থেকে নমুনা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। নাটোর জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজিমউদ্দিন জানান, প্রতি মাসে প্রত্যেক স্যানিটারি ইন্সপেক্টরকে পাঁচটি সন্দেহমূলক খাদ্য নমুনা ঢাকায় পাঠাতে হয় কিন্তু কোনোক্রমেই ছয় মাসের কম সময়ে ফলাফল আসে না। সে কারণে অন্তত জেলা সদরে সিভিল সার্জনের কার্যালয়ে একজন সহকারী পাবলিক অ্যানালিস্ট থাকা উচিত বলে তিনি মনে করেন । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রতি মাসে উত্তরবঙ্গের ১৬টি জেলা ও ১৫৮টি উপজেলা থেকে প্রায় ২৫০-৩০০ খাদ্যপণ্যের নমুনা মান পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে পাঠানো হয়। এর ফলাফলের ভিত্তিতে বিশুদ্ধ খাদ্য আইনের ৬(১) ধারায় নমুনা বিক্রেতার বিরুদ্ধে জুডিশিয়াল কোর্টে মামলা দায়ের করা হয়।স্যানিটারি ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—উত্তরবঙ্গের সভাপতি মাহবুবুর রহমান জানান, জেলা ও উপজেলা পর্যায়ে পণ্যের মান পরীক্ষার ব্যবস্থা করা না গেলে সারা দেশে পণ্যের ভেজাল রোধ করা যাবে না। এ কারণে উপকরণ সরবরাহের পাশাপাশি জেলা পর্যায়ে একটি ল্যাবরেটরি স্থাপনও জরুরি প্রয়োজন বলে তিনি দাবি করেন। সার্বিক বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন জানান, খাদ্যের মান পরীক্ষার ব্যবস্থা জেলা-উপজেলায় নেই। এই ব্যবস্থা করা অনেক ব্যয়সাধ্য। তবে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কার্যপরিধি বাড়ানো হয়েছে। সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তারা কারিগরি সহযোগিতা দিতেও রাজি হয়েছে। ফলে ভবিষ্যতে এসব সমস্যার সমাধান দ্রুত করা যাবে বলে তিনি উল্লেখ করেন। সার্বিক বিষয়ে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়ভাবে ভেজাল পণ্যের নমুনা পরীক্ষা হয়ে আসছে। দেশে একমাত্র পরীক্ষাগার থাকায় এসব নমুনার রিপোর্ট আসতে অনেক সময় লেগে যায়। তারপরও রয়েছে আইনি জটিলতা। নীতিনির্ধারকেরা যে আইন প্রণয়ন করেছেন, তাতে শুধু জরিমানার বিধান রাখা হয়েছে। যে কারণে ইন্সপেক্টরেরা এগুলো ধরলেও সবাই পার পেয়ে যায়। কেন্দ্রীয়ভাবে আইনের ধারা পরিবর্তন ও প্রতিটি সিভিল সার্জন অফিসে একটি করে ল্যাবরেটরি স্থাপন করা জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। তা না হলে দীর্ঘসূত্রতার কারণে সাধারণ জনগণকে এই ভেজাল দ্রব্য খেয়েই যেতে হবে।