সিরাজগঞ্জে পরাজিত ইউপি প্রার্থীকে জবাই করে হত্যা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত প্রার্থী বদিউজ্জামান বদিকে (৫১) জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি উপজেলার ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে। গতকাল শুক্রবার রাতে কে বা কারা তাঁকে হত্যা করে পুলিশ তা জানাতে পারেনি।বদিউজ্জামান বদি ৯ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, বদিউজ্জামান গতকাল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আজ শনিবার ভোরে ময়নাকান্দির কবরস্থানের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে সকালে পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে। ওসি জানান, গতকাল রাতে কোনো একসময় বদিউজ্জামানকে জবাই ও কুপিয়ে হত্যা করা হয়। নির্বাচনের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।