সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ২ (ভিডিও)
সিরাজগঞ্জের বেলকুচিতে আজ শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। হরতালের সময় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে এই সংঘর্ষ বাধে।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, হরতালের সময় আওয়ামী লীগের অফিস ভাঙচুরের অভিযোগে করা একটি মামলার আসামি ধরতে আজ সকাল সাড়ে ১০টার দিকে বেলকুচি থানা পুলিশ উপজেলার মৌপুর গ্রামে যায়। সেখান থেকে আসামি জামায়াতের কর্মী মো. হাবিববুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা হামলা চালান। এ সময় তাঁরা মসজিদ থেকে মাইকিং করে পাশের তিনটি গ্রামের লোকদের জড়ো করেন। একপর্যায়ে গ্রামবাসী পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের ২৫টি গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে সাংবাদিকসহ ২৫ জন আহত হন। তাঁদের উল্লাপাড়া ও বেলকুচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ সিরাজগঞ্জ সদরে ভর্তি করা হয়েছে। পুলিশ দাবি করেছে, জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন।উপজেলার ধকুরিয়া বেড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাবি করেন, আহত লোকজনের মধ্যে বেলকুচি উপজেলার সর্বতুলসী গ্রামের আবদুল মজিদের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও কল্যাণপুর গ্রামের আবদুল হামিদের ছেলে ইউনুস আলীকে (১৮) উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাঁদের মৃত্যু হয়। পরে তাঁদের লাশ গ্রামে ফিরিয়ে আনা হয়। নিহত ফরিদুল যুবদল ও ইউনুস আলী ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেন আলমগীর।বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ফরিদুল ও ইউনুস কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুই সাংবাদিককে মারধরসংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মো. শাহাদত্ হোসেন ফিরোজী ও মাইটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীকে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা আটক করে বেদম মারধর করেন। তাঁদের ব্যবহূত দুটি ক্যামেরা ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। গুরুতর অবস্থায় তাঁদের প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে সিরাজগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।