সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭
সিরাজগঞ্জে আজ বুধবার সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুটি সড়ক দুর্ঘটনায় চারজন এবং সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে আরেকটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়।ভোর ছয়টার দিকে সলঙ্গা থানার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তবিরগঞ্জে অপসোনিন কোম্পানির ওষুধবোঝাই একটি ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অপসোনিন কোম্পানির ট্রাকচালক নিহত হন।সকাল সোয়া সাতটার দিকে একই সড়কের সিএনবিসি বাজারের কাছে আমবোঝাই একটি ট্রাক সিএনজিচালিত যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সিরাজগঞ্জের কাজীপুর সড়কে রহমতগঞ্জ কাঠের পুলের ওপর সকাল সোয়া আটটার দিকে একটি ট্রাক সামনে থেকে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে তিনজন নিহত হন। এর মধ্যে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।