সিরাজগঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার বেলা দুইটার দিকে সিরাজগঞ্জ পৌঁছেছেন। বর্তমানে তিনি যমুনা রিসোর্টে বিশ্রাম নিচ্ছেন। সেখানে মধ্যাহ্ন ভোজ শেষে বেলা সাড়ে তিনটায় সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সয়দাবাদ মুলিবাড়ী রেলগেট মাঠে এক ছাত্র-গণজমায়াতে প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।এরপর তিনি নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় যাবেন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দিতে পারেন বলে জানা গেছে। শহীদ জেহাদের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ ছাত্র-গণজমায়েতের আয়োজন করেছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন সভাপতিত্ব করবেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিরাজগঞ্জে আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও কেন্দ্রীয় ছাত্রদল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।