সিরাজগঞ্জে ফেনসিডিলসহ মেজর গ্রেপ্তার, বগুড়া সেনানিবাসে হস্তান্তর
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৭৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঢাকা সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল কোরের (ইএমই) মেজর রেজা শাহ্ মোহাম্মদ জিলুল্লাহ্ এবং তাঁর নিকটাত্মীয় রাজশাহীর বিনোদপুর এলাকার আবু সাদাত মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করে। রাতেই মেজর রেজাকে বগুড়া সেনানিবাসের মিলিটারি পুলিশের (এমপি) কাছে হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাত পৌনে ১২টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িকে (চট্ট মেট্রো-অ/১১৬) সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় থামায়। এ সময় চালকের আসনে থাকা রেজা শাহ্ মোহাম্মদ জিলুল্লাহ্ নিজেকে মেজর বলে পরিচয় দেন। গাড়িতে ফেনসিডিল পরিবহন করা হচ্ছে, পুলিশ এমন অভিযোগ তুললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তল্লাশি চালিয়ে ৭৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, তাঁকেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।পরে মেজর রেজা পুলিশ ও সাংবাদিকদের বলেন, তিনি ঢাকা ক্যান্টনমেন্টের সিএমএইচ-সংলগ্ন ইএমই কোরে মেজর হিসেবে কর্মরত। তাঁর পরিচিতি নম্বর ৯৯২৬২২। তাঁর বাসা আজিমপুরের বিশ্বাস চরণ দাস স্ট্রিটের ৯৩/১ নম্বরে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই রিয়াজউদ্দীন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। ফেনসিডিল ও প্রাইভেট কারটি থানায় জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী মেজর রেজাকে মিলিটারি পুলিশের (এমপি) কাছে হস্তান্তর করা হয়েছে। সাদাতকে থানা হেফাজতে রাখা হয়েছে।