সিরাজগঞ্জে বাংলাদেশে ও ভারতের নাট্যোৎসব
সিরাজগঞ্জ শহরের নাট্যসংগঠন নাট্যলোকের এক যুগ পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ভাসানী মিলনায়তনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাট্য উৎসব।নাট্য উৎসবকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দেশের খ্যাতিমান নাট্যব্যক্তিত্বগণ সিরাজগঞ্জের নাট্য উৎসবে যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে আলোচনা, সংবর্ধনা ও নৃত্যনাট্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। ২৩ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত নাটক। এই দিন সিরাজগঞ্জ নাট্যলোক পরিবেশন করবে এস এম সোলায়মান রচিত ও মমিন বাবু নির্দেশিত নাটক ইঙ্গিত। নাট্যলোকের মঞ্চায়নে উৎসবের অন্য নাটকগুলোর মধ্যে রয়েছে: কীত্তনখোলা, মেরাজ ফকিরের মা, শেষ সংলাপ, ময়ূর সিংহাসন ও অমাবস্যার কারা। ২৯ নভেম্বর সমাপনী সন্ধ্যায় রয়েছে ভারতের কলকাতার অনীক থিয়েটারের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও অমল চক্রবর্তী নির্দেশিত নাটক তপতী।