সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ জেলার মূলিবাড়ী রেল ক্রসিং এলাকায় ঢাকাগামী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়। সংঘর্ষের পরে আগুন লেগে দুটি গাড়িই পুড়ে গেছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হলেন পঞ্চগড় জেলার ফজর আলী (৩০)। বাকিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় কৃষ্ণকর জানান, পঞ্চগড় থেকে বি কে এন্টারপ্রাইজ নামে একটি বাস ঢাকা যাচ্ছিল। ভোর সাড়ে ছয়টার দিকে মূলিবাড়ী রেল ক্রসিংয়ের কাছে বগুড়াগামী ঢেউটিন বোঝাই একটি ট্রাক গতিনিরোধকের সঙ্গে ধাক্কা খায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ২০ জন যাত্রী আহত হয়েছে। এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল আটটার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু পশ্চিম থানায় মামলা হয়েছে।