সিরাজগঞ্জে বাসে আগুন
ঢাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও এক কর্মী নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাউল ওভারব্রিজের কাছে শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি কর্মীরা। এ সময় নাবিল পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনার পর মহাসড়কে দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত িতন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ঝাউল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল ও স্থানীয় বিএনপি কর্মী কবির নামের দুজনকে আটক করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও এক কর্মী নিহত হওয়ার খবর সিরাজগঞ্জে ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয়। অন্যদিকে দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়ন বিএনপি একটি মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মিছিলকারীরা ঝাউল ওভারব্রিজের পাশে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে গেলেও যাত্রীরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন। এ সময় মিছিলকারীরা নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করে। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়।