সিরাজগঞ্জে বিএনপি অফিসে আগুন দিয়েছে ছাত্রলীগ
আর আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রলীগের একটি মিছিলে ঢিল ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে ছাত্রলীগের একটি মিছিল জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল। পরে তাত্ক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকেই শহরে উত্তেজনা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতা-কর্মীদের অনুপস্থিতিতে কোনো রকম উসকানি ছাড়াই ছাত্রলীগের কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে অফিসের দিকে যেতে চাইলেও ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দেয়। পুলিশের উপস্থিতিতে এ ঘটনার জন্য ইকবাল হাসান মাহমুদ পুলিশকে দায়ী করে তাদের অপসারণ দাবি করেন। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান জানান, ইতিপূর্বে আওয়ামী লীগের এক নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। শান্তিপূর্ণ মিছিলটি ভাসানী মিলনায়তনের সামনে দিয়ে যাওয়ার সময় নবদ্বীপ পুলের কাছে বিএনপির কর্মীরা ওই মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের তিনজন কর্মী আহত হয়। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ কর্মীরা বিএনপি অফিসে আগুন দেয়।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় তাত্ক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের টহল দলের সামনেই আগুন ধরিয়ে দেওয়া হলেও পুলিশ বাধা দেয়নি কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এসআইয়ের নেতৃত্বে পুলিশের দুটি দল কর্মরত ছিল। তাদের তাত্ক্ষণিক বাধা দেওয়া উচিত ছিল। তবে পরে তারা আগুন নেভানোর কাজে অংশ নেয়।উল্লেখ্য, বিএনপির ডাকে সম্প্রতি ৩৬ ঘণ্টা হরতাল চলাকালে এবং সিরাজগঞ্জ পৌরসভায় টেন্ডার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কয়েক দিন আগে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ক্লিনিক ও বাসা ভাঙচুর হয়। এর প্রতিবাদে আজ মিছিল বের করা হয়েছিল।