সিরাজগঞ্জে বিএনপির আরও ২ কর্মীকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির আরও দুজন কর্মীকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। এ নিয়ে আদালত গত দুই দিনে বিএনপির ছয়জনকে কারাদণ্ড দিলেন। নতুন সাজাপ্রাপ্তরা হলেন—আবুল কালাম আজাদ ও আশরাফুল ইসলাম। পৌরসভার টেন্ডারবাজির ঘটনা নিয়ে গত বুধবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে শহর থেকে এ দুজনকে পুলিশ আটক করে। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড দেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।গত বুধবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার টেন্ডারবাজির ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই দলের কমপক্ষে ৫০ জন আহত হয়। পরে সদর থানার উপপরিদর্শক বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।