নিখোঁজ পাইলট কামরুলের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে বিধ্বস্ত বিমান উদ্ধারের অভিযান বন্ধ ঘোষণা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ পাইলট কামরুল হাসানের লাশ আজ সকালে উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানটির অবস্থান নিশ্চিত করতে না পারায় আজ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস রাজশাহী বিভাগের উপপরিচালক ও উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া মো. মিজানুর রহমান জানান, আজ ভোর থেকে দ্বিতীয়বার উদ্ধার অভিযান শুরু করা হয়। সকাল সাড়ে সাতটার কামরুল হাসানের লাশ উদ্ধার করা হয়। বিধ্বস্ত বিমানের অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে বেশ কিছু দূরে বিধ্বস্ত বিমানটি সরে যেতে পারে। একই সঙ্গে নদীতে স্রোত থাকায় বিমানটি বালুর নিচে চাপাও পড়তে পারে। কামরুল হাসানের মামা মোতাহার হোসেনের কাছে বেলা সোয়া ১১টার দিকে লাশ হস্তান্তর করা হয়। বাংলাদেশ ফ্লাইং একাডেমির নির্বাহী সদস্য মো. মুনতাসীর আহমেদ বলেন, ‘মৃতদেহ উদ্ধারের পর আমরা চলে এসেছি। কোন কারণে দুর্ঘটনা ঘটল, বিমানে রক্ষিত ব্লাক বক্সটি পরীক্ষা করলে তা বোঝা যেত।’ এ ছাড়া বিমানটি উদ্ধার করা হলেও সচল হবে না বলে তিনি জানান।সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন উদ্ধারকাজ বন্ধ ঘোষণার কথা স্বীকার করে জানান, যেহেতু উদ্ধারকারী দল চেষ্টা করেও বিধ্বস্ত বিমানটি পায়নি, সে কারণে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই কামরুল হাসানের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় সেসনা-১৫২ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। পরে দুই পাইলটের মধ্যে এক পাইলট শামসুদ্দিনকে উদ্ধার করা হয়।