সিরাজগঞ্জে ব্যবসায়ীর মৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লায় পুলিশের নির্যাতনে ফরিদউদ্দিন শেখ (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই শহরের বাজার স্টেশন এলাকায় লাশ নিয়ে মিছিল ও সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে চারজন আহত হন। পুলিশের নির্যাতনে ফরিদের মৃত্যুর অভিযোগ তদন্তে জেলার সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।ফরিদউদ্দিনের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া ও আবদুস সালাম শহরের মাহমুদপুর রেল কলোনির রইছউদ্দিনের ছেলে ফরিদউদ্দিন শেখকে বাড়ি থেকে ধরে মারধর করতে করতে পাশে একটি পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে তাঁকে লাথি ও ঘুষি মারেন তাঁরা। একপর্যায়ে ফরিদ মারা যান। পরে পুলিশের ওই দুই সদস্য কৌশলে এলাকা ত্যাগ করেন। পরিবারের লোকজন ফরিদকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে এলাকাবাসী ফরিদের লাশ নিয়ে মিছিলসহকারে বাজার স্টেশন চত্বরে আসেন। তাঁরা সড়ক অবরোধ করে অভিযুক্ত পুলিশ সদস্যদের ফাঁসির দাবি জানান। সাড়ে ১১টার দিকে তাঁরা ওই চত্বরের মুক্তির সোপান স্থাপনায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে পুলিশ গুলি চালায়। এ সময় আবদুর রাজ্জাক, সেলিম আহমেদ, আমিনুল ইসলাম ও সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হন। জেলা যুবলীগের সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গভীর রাতে ওই স্থাপনায় ভাষাশহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। ফরিদের মা ফরিদা বেগম অভিযোগ করেন, রাতে পুলিশের দুই সদস্য এসে তাঁর ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে মারতে মারতে পুকুরপাড়ের দিকে নিয়ে যান। সেখানে নিয়েও তাঁকে বেদম মারধর করা হয়। মারধরে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, পুলিশ মাঝেমধ্যেই এলাকায় হানা দিয়ে মানুষের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেলে হয়রানি করা হয়। ফরিদের কাছেও চাঁদা দাবি করা হয়েছিল। এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে ফরিদের পরিচিতি থাকলেও বর্তমানে তিনি জ্বালানির ব্যবসা করেন।এসআই সেলিম মিয়া দাবি করেন, ‘ফরিদ একজন মাদক ব্যবসায়ী ও হেরোইনসেবী। আমরা দুজন তাঁর বাবা রইছউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করি। এ সময় দৌড়ে পালানোর সময় পুকুরপাড়ে গিয়ে ফরিদ অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে মারধর বা তাঁর কাছে চাঁদা দাবি করা হয়নি।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশের দুজন কর্মকর্তা ওই বাড়িতে অভিযানে গিয়েছিলেন। আর স্টেশন চত্বরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ বাধ্য হয়ে ৩১টি গুলি ছুড়েছে। এখনো এ ঘটনায় কেউ মামলা করতে আসেননি।পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর বলেন, নিহত ব্যক্তির লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সার্কেল সদর) মো. এহসানুল কবীর ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।