সিরাজগঞ্জে ভটভটি উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের সময় শ্যালো ইঞ্জিনচালিত যান (ভটভটি) উল্টে অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন নারী আহত হনে। আজ সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ফকিরতলা নামক স্থানের সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতাল চলাকালে আজ সকালে ফকির তলা এলাকার সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কাজীপুর থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী ভটভটি ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা এটিকে ধাওয়া করে। এ সময় ভটভটি নিয়ে চালক দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে রাস্তার ওপর এটি উল্টে যায়। এ ঘটনায় চারজন নারী যাত্রী আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়। আহত অপর দুই নারী হলেন—সদর উপজেলার নবদ্বীপ পুল এলাকার বাসিন্দা ফাল্গুনী খাতুন (৩২) এবং খোকসাবাড়ী গ্রামের সোনিয়া খাতুন (২০)। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। আহত আরেকজন প্রাথমিক চিকিত্সা নেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ভটভটির সবাই নারী যাত্রী ছিলেন। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনায় ঘটেছে।এদিকে আজ ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় লবণ ও চুনাপাথরভর্তি দুটি ট্রাকে আগুন দেন হরতালের সমর্থকেরা। পরে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে ট্রাক দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।হরতালের সমর্থনে সকাল থেকে শহরের কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের সদর, তাড়াশ, উল্লাপাড়া উপজেলার ১৫টি পয়েন্টে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে র্যাব ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে।