সিরাজগঞ্জে ভাঙচুর, বিএনপি নেতা আহত
সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর উপজেলায় জামায়াত-শিবিরের ডাকা প্রথম দিনের হরতালে আজ রোববার বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ভোররাত থেকে পৌর শহরে মিছিল বের করেন। তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। পরে সকালে বেলকুচি উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান আহত হন। তাঁকে খাজা ইউনুস হাসপাতালে ভর্তি করা হয়েছে।এনায়েতপুরে মিছিল থেকে থানায় ইটপাটকেল ছোড়া হয় এবং কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ২০টি রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা ফিরে যাওয়ার সময় রূপসী গ্রামের একটি মন্দিরে হামলা করে ভাঙচুর চালায় বলে খবর পাওয়া গেছে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, রাত সাড়ে তিনটার দিকে পূর্বপরিকল্পিতভাবে হাজার খানেক লোকজন মিছিল নিয়ে এনায়েতপুরে যায়। তারা থানায় ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ফিরে যাওয়ার সময় থানা আওয়ামী লীগের কার্যালয় ও একটি মন্দিরের ঘর ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।