সিরাজগঞ্জে মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ২, আহত ৫
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর এলাকায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্র থেকে জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসটি সাতজন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ জেলখানায় থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত্ করে ঢাকায় ফিরছিল। বেলা সোয়া তিনটার দিকে মাইক্রোবাসটি শাহবাজপুর গ্রামের কাছে পৌঁছালে ঈশ্বরদী-ঢাকা রেলসড়কের অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী নোয়াখালী সদরের কুলসুম (১৬) নিহত এবং ছয়জন আহত হয়। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে একজন মারা যান। তাঁর নাম ইউসুফ (৩০)। তাঁর বাড়ি ভোলার মোহন উপজেলায়। আহত ব্যক্তিদের মধ্যে আছেন মাইক্রোবাসের চালক বরিশালের গৌরনদীর রিপন খান (৪০), নোয়াখালী সদরের সখিনা (৩০), খোকন (১৪), শুভ (৫) ও কুমিল্লা সদরের শাহ আলম (২২)। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চাকী জানান, রেললাইনের গেটে কোনো গেটম্যান না থাকায় মাইক্রোবাসের চালক ট্রেনটি দেখতে পাননি। সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।