সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকায় আজ শনিবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় আলহাজ মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে কলেজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন আলহাজ মিয়া। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকায় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর পর বিক্ষুব্ধ ছাত্ররা একজোট হয়ে সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার গাড়িগুলো বিকল্প পথে শহরের মধ্য দিয়ে চলাচল করে। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসক আমিরুল ইসলাম ও পুলিশ সুপার পঙ্কজ ভট্টাচার্য কলেজের সামনে স্পিডব্রেকার দেওয়ার আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি। আলহাজ মিয়া শহীদুল বুলবুল কারিগরি কলেজের বিএম শাখার ছাত্র ছিলেন।