সিরাজগঞ্জে মিলের রাসায়নিক বর্জ্যে পরিবেশ হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের পাঁচটি উপজেলার ৯১টি প্রসেস ও ডাইং মিলের রাসায়নিক বর্জ্যে পরিবেশ হুমকির মুখে। এসব মিলের পরিশোধনাগার থাকার বাধ্যবাধকতা থাকলেও এ নিয়ম মানছেন না কোনো মালিকই। বেলকুচি উপজেলার তামাই গ্রামে ব্যক্তি উদ্যোগে একটি পরিশোধনাগার নির্মাণ হলেও সেটি বৈদ্যুতিক সংযোগের অভাবে চালু করা যাচ্ছে না। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় ওই গ্রামে আরেকটি বর্জ্য পরিশোধনাগারের নির্মাণকাজ শুরু হলেও অদৃশ্য কারণে তার কাজও এগোচ্ছে না। মিলসূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, চৌহালী, বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ৯১টি প্রসেস মিল ও ফিরোজা ডাইং মিল রয়েছে। এর মধ্যে শাহজাদপুর উপজেলায় রয়েছে ৩০টি প্রসেস মিল, বেলকুচিতে ২০টি প্রসেস এবং ১২টি ফিরোজা ডাইং মিল, উল্লাপাড়াতে তিনটি প্রসেস এবং একটি ফিরোজা ডাইং মিল, চৌহালীর এনায়েতপুরে পাঁচটি এবং সদরে চারটি প্রসেস মিল রয়েছে। এ ছাড়াও বিভিন্ন তাঁত মালিকেরা নিজেদের বাড়িতে সুতা প্রসেস করার জন্য কারখানা বসিয়েছেন। প্রতি দিন এসব মিল থেকে প্রায় দেড় থেকে দুই শ টন বর্জ্য ও রাসায়নিক পদার্থ নির্গত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এসব বর্জ্য গ্রামের পুকুর-খালবিলে পড়ে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি পানি ও এলাকার পরিবেশ মারাত্মক দূষিত করছে। কোনো কোনো মিলের বর্জ্য ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে অপসারণ করা হচ্ছে। এতে করে বর্জ্য ভূগর্ভস্থ পানিরস্তরে মিশে টিউবওয়েলের পানিও দূষিত করছে। ফলে এসব নলকূপের পানি পর্যন্ত পান করা যাচ্ছে না। এলাকায় চর্মরোগসহ গ্যাসট্রিক, পেটের পীড়া ইত্যাদি ছড়িয়ে পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রসেস মিলগুলো স্থাপন করতে সরকারিভাবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিধান থাকলেও কোনোটির জন্যই এই ছাড়পত্র নেওয়া হয়নি। এসব মিলের আশপাশের পুকুরগুলোতে বর্জ্য পড়ে মাছে মড়ক লাগায় এলাকায় মাছ চাষও বন্ধ হয়ে গেছে। বেলকুচি উপজেলার তামাই গ্রামের তাঁতের শ্রমিক আবুল হোসেন বলেন, ‘বেতিল ঘাটের বদ্ধ পানিতে আমরা ডুব দিই। এইহানে চাইরডো প্রসেস মিলের খারাপ পানি পইর্যা পানির রং লাল অয়া গ্যাছে। এই পানিত ডুব দিয়া হারা শরিলে চুলকানি অইছে। উপায় নাই, কলের পানিও গন্ধ লাগে। এই পানি খাওয়ার পর বাড়ির লোকজনগরে আমাশয়সহ পেটের নানা অসুখ অইতেছে। কী করমু, তাও বাদ্য অয়া এই পানিই খাইতেছি।’একই এলাকার ছামাদ মিয়া বলেন, ‘পুকুরে মাছ ছাড়ছিলাম। কিন্তু পাশের প্রসেস মিল থাইক্যা রঙিন পানি আইস্যা পুকুর ভইর্যা যায়। তার পর এক মাস পর পুকুরে যায়া দেহি মাছ নাই। কিছু কিছু মাছ দেহা যায়, তাও ছোট ছোট। মাছের গার রং বদল অয়া গেছে। বাকি হকল মাছ মইর্যা গেছে। এহন আর মাছের আবাদও করা যাইতেছে না।’তামাই রুগ্ণ পাওয়ার লুম শিল্পমালিক সমিতির সভাপতি মো. ফজলার রহমান তালুকদার জানান, প্রসেস মিল ছাড়া এই শিল্প অচল। কিন্তু মিলের বর্জ্যের জন্য যে ক্ষতি হচ্ছে, তা আরও বেশি মারাত্মক। এলাকার গরিব মানুষের নাভিশ্বাস উঠেছে। পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। আমরা সরকারিভাবে ঋণ দিয়ে প্রসেস মিল মালিকদের নিজ নিজ কারখানার জন্য বর্জ্য পরিশোধনাগার নির্মাণে বাধ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।এই সমিতির সহসভাপতি হাজি রুহুল আমিন মুনসী জানান, প্রসেস মিলের বর্জ্য পুরো তামাই গ্রামটিকে দূষিত করে ফেলেছে। এই পানি পান করে সবাই চর্মরোগ, লিভার ড্যামেজসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অবস্থাশালী লোকজন বাইরে থেকে পানি এনে পান করছে। গ্রামের সব নালা-খাল রঙিন পানিতে ভরে গেছে। প্রচণ্ড গন্ধে এলাকায় থাকা দুষ্কর। প্রসেস মিলের মালিকেরা পরিশোধনাগার নির্মাণ হচ্ছে দেখিয়ে এত দিন ব্যবসা চালিয়ে এসেছেন। কিন্তু এটি চালুর কোনো উদ্যোগই তাঁরা নিচ্ছেন না।কয়েকজন মিল মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, তামাই গ্রামে ২০০২ সালে পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণে ইউএনডিপির অর্থায়নে একটি বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) নির্মাণকাজ শুরু হয়। কিন্তু আজও এর নির্মাণকাজ শেষ হয়নি। এই পরিশোধনাগার ও আশপাশের প্রসেস মিলগুলোর সঙ্গে পাইপলাইন স্থাপন না করায় এটি চালু করা যাচ্ছে না। এদিকে সরকারি পরিশোধনাগারটি চালু না হওয়ায় এলাকার আবদুল আজিজ সরকার একটি পরিশোধনাগার স্থাপন করেন। কিন্তু প্রায় ছয় মাস আগেই এটির নির্মাণকাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় এটিও চালু করা সম্ভব হচ্ছে না। পরিশোধনাগারের মালিক বলেন, এই পরিশোধনাগারটি প্রতি ঘণ্টায় ১৫ হাজার লিটার বর্জ্য পরিশোধন করতে পারবে। তিনি আরও বলেন, এলাকার পরিবেশ দূষণমুক্ত রাখতে পরিশোধনাগারটি নির্মাণ করেছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেও আমি বৈদ্যুতিক সংযোগ পাচ্ছি না। তাই পরিশোধনাগারটি চালু করতে পারছি না। পরিশোধনাগারের জন্য এখন আমার সুতা প্রসেস করতে বান্ডিল প্রতি পাঁচ টাকা করে খরচ হবে। এতে লাভবান কম হলেও সবার মঙ্গলের কথা চিন্তা করে পরিশোধনাগার নির্মাণ করেছি। জেলা তাঁত মালিক সমিতির সভাপতি হায়দার আলী বলেন, প্রসেস মিলগুলো অনিয়মতান্ত্রিকভাবে জনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে। এসব মিলের বর্জ্য নদীনালার পানিতে মিশছে। এই পানিতে গোসল করায় মানুষের চোখ, চর্মরোগের পাশাপাশি গবাদি পশুগুলোও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। রূপনাই গ্রামের আবদুস সামাদ বলেন, প্রসেস মিলের বর্জ্য শুধু পানির সঙ্গে মিশে তা দূষিত করছে না, যেসব পুকুরে বর্জ্য জমা হচ্ছে সেখানকার চারপাশের গাছপালাও মরে যাচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বর্জ্যের সঙ্গে মিশ্রিত বিভিন্ন রাসায়নিক পদার্থ বিশেষ করে সিসা (লেড) নদী ও পুকুরের পানিতে মিশছে। এই পানি খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মাছ। মড়ক দেখা দেওয়ায় প্রসেস মিল এলাকার নদী ও পুকুরে মাছ চাষ বন্ধ রয়েছে। শাহজাদপুর উপজেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি সরকার আবদুল হাকিম জানান, বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা এসব প্রসেস মিল নিয়ন্ত্রণহীন। একই স্থানে স্থাপিত না হওয়ায় প্রসেস মিলের বর্জ্যগুলো পরিশোধন করাও সম্ভব হচ্ছে না। তাই ক্ষয়ক্ষতি প্রকট আকার ধারণ করছে। পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, এখানকার একটি মিলেরও পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র নেই। সরকারের নিয়মনীতি উপেক্ষা করে তারা সবাই ব্যবসা করছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। পরিশোধনাগারের বিষয়ে তিনি বলেন, এটি চালু করা না-করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। এ বিষয়ে স্থানীয় সাংসদ মৎস্য ও পানিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, প্রসেস মিলের মালিকদের সঙ্গে আলোচনা করে মিলগুলো একই স্থানে স্থাপন করে বর্জ্য পরিশোধনের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।