সিরাজগঞ্জে মিল্কভিটার চাকরিচ্যুত শ্রমিকদের আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিতে পুনর্বহাল, মহাব্যবস্থাপকসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি লিমিটেডের (মিল্কভিটা) চাকরিচ্যুত শ্রমিকেরা। আজ শুক্রবার সকাল আটটা থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর কারখানার প্রধান গেটের সামনে মাথায় কাফনের কাপড় বেঁধে শ্রমিকেরা এ কর্মসূচি শুরু করেন। কারখানার মূল গেটের সামনে ৬০ জন শ্রমিক-কর্মচারী অনশন কর্মসূচি শুরু করেন। অনশনকারীদের মধ্যে সামিউল ইসলাম বলেন, ‘অন্যায়ভাবে আমাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে। তা ছাড়া বর্তমান মহাব্যবস্থাপক ও ডিজিএমরা আমাদেরকে পুনর্বহাল করছে না। চাকুরিতে পুনর্বহাল এবং দুর্নীতিবাজ মহাব্যবস্থাপক ও ডিজিএমদের অপসারণ না করা পর্যন্ত এই অনশন চলতে থাকবে।’ উল্লেখ্য, মিল্কভিটার চাকরিচ্যুত শ্রমিকেরা পুনর্বহালের দাবিতে দীর্ঘকাল আন্দোলন করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাঘাবাড়ী কারখানার ডিজিএমকে লাঞ্ছিত, মিল্কভিটা চত্বরে পোস্টার লাগানো, পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানা ঘটনায় পাল্টাপাল্টি জিডি করার ঘটনা ঘটে।