সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মান্নান ওরফে খুনি মান্নান ওরফে কমিউনিস্ট মান্নান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি দেশি পিস্তল, একটি তলোয়ার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, মান্নান পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন। তিনি বেলকুচি উপজেলার সূবর্ণসড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি শহীদ উল্লাহ জানান, মান্নান তাঁর দলের সদস্যদের নিয়ে বেলকুচি উপজেলার কদমতলী এলাকায় বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত তিনটার দিকে র‌্যাবের একটি দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টা ধরে চলে এ বন্দুকযুদ্ধ।পরে ঘটনাস্থল থেকে মান্নানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। মান্নানের সহযোগীরা পালিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে মান্নানের লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।