সিরাজগঞ্জে লিটন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে লিটন নামের মাইক্রোবাসের এক চালককে হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের জেলা জজ আদালতের দায়রা জজ মো. আবদুস সালেক এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন বগুড়া শিবপুরের রহবর পূর্বপাড়ার মো. খোকন মিয়া (২৯) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুরের মো. আলামিন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়দেবপুর জেলার আরজু মিয়া, বরিশাল জেলার লুত্ফর রহমান, রংপুর জেলার দুলাল মিয়া, ইয়াকুব আলী, একরামুল হক, হারুন মিয়া, ও লাভলু মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৫ এপ্রিল জনতা রেন্ট-এ-কারের একটি মাইক্রোবাস একদল ছিনতাইকারী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ভাড়া করে রংপুর জেলার পলাশবাড়ি হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় চালক লিটনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর তিনি অজ্ঞান হয়ে পড়লে ছিনতাইকারীরা গামছা দিয়ে তাঁকে শ্বাসরোধ করে গাড়িতেই হত্যা করে। পরে লিটনের লাশ ছিনতাইকারীরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগসড়কের কড্ডার মোড়ের পশ্চিম দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভারেঙ্গা নামক স্থানে ফেলে চলে যায়। রাত নয়টার দিকে কামারখন্দ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে মামলা দায়ের করে। তদন্ত শেষে নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি সাতজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন ইসমাইল হোসেন হাসু ও সানোয়ার হোসেন।