সিরাজগঞ্জে শিবিরের ব্যাপক তাণ্ডব
ইসলামী ছাত্রশিবিরের ডাকা আজ বুধবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। আজ ভোর সোয়া ছয়টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে। থানার পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাগাতি, বানিয়াগাতী, নলকা ও তালুকদার মোড় এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন শিবিরের নেতা-কর্মীরা। এরপর তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে ইট-পাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর শুরু করেন।এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ছয়টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ভোরে হরতালকারীরা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও পিকেটিং করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া হরতালকারীরা ঝটিকা হামলা চালিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হচ্ছে না।