সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ২০, সাতজনের কারাদণ্ড
সিরাজগঞ্জে পৌর শহরের আটাপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অগ্নিসংযোগ, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে কারাদণ্ড ও জরিমানা করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা, পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও হোসেনপুর আটাপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আজ বুধবার সকাল নয়টার দিকে উভয় পক্ষ ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ওয়াপদা বাঁধ ও সারঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।সংঘর্ষে একটি দোকানে আগুন দেওয়া হয় এবং ১৫টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ রাউন্ড ফাঁকা গুলি ও ব্যাপক লাঠিপেটা করে।পুলিশ ঘটনাস্থল থেকে মোমিন, জামিলুর, বাবু, হাসান, আলামিন, আবুল কালাম আজাদ ও সেলিমকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাঁদের মধ্যে বাবু, আলামিন ও আবুল কালাম আজাদকে ১০ দিন করে কারাদণ্ড এবং মোমিন, জামিরুল, হাসান ও সেলিমকে ১০০ টাকা করে জরিমানা করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক ২২টি ফাঁকা গুলি ছোড়ার কথা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।