সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। উপজেলার বাঘাবাড়ী বিন্নাদাইর এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জেলার সাঁথিয়া উপজেলার হারিয়াহাট গ্রামের প্রিন্স (২৮), বেড়া উপজেলার শাহপাড়া গ্রামের নাজমুল হোসেন (২৫) ও অটোরিকশার চালক রাজীব (২৮)। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কের বিন্নাদাইর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদেরকে মৃত ঘোষণা করেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।