সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গাইবান্ধার কদম শহরের আবদুর রশিদ (৪২), হাফিজুর রহমান (৪০), হাফিজুরের ছেলে সীমান্ত (১০) এবং নওগাঁর কিপ্তীপুর গ্রামের সোহাগ আলী (২২)। এঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী কলেজ মোড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।