সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার পর ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কালীবাড়ি ভদ্রঘাটে আজ শুক্রবার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি দীর্ঘ সময় রাস্তার ওপর পড়ে থাকলে মহাসড়কের উভয় পাশে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিলানী জানান, আজ সকাল সাতটার দিকে কালীবাড়ি ভদ্রঘাট এলাকার ৬ নম্বর ব্রিজের ওপর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও সহকারী আহত হন। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পাথরবোঝাই ট্রাকের হেলপার বাবু (৩৫) মারা যান। তাঁর বাড়ি পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লায়। এস আই জিলানী আরও জানান, দুর্ঘটনায় পর ট্রাক দুটি রাস্তায় পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রবল বর্ষণ অব্যাহত থাকায় আটকে পড়া গাড়িতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।