সিরাজগঞ্জে সহিংসতায় একজন নিহত, পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আজ সোমবার সকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। এতে মাহফুজ (১৬) নামের একজন নিহত হয়েছে।নিহত মাহফুজ উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ফলিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে। সে স্থানীয় ফলিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। মাহফুজ ছাত্রশিবিরের ‘সাথি কর্মী’ বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উল্লাপাড়ার পূর্ব দেলুয়া বাজার এলাকার সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি, ইটপাটকেল ছোড়ে। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি চালায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত মাহফুজের পরিবারের সদস্যরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মাহফুজ শিবিরকর্মী। এ ছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ এক শিবিরকর্মীকে আটক করেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিন আজ সকালে জামায়াত-শিবিরের কর্মীরা বঙ্গবন্ধু সেতু-সিরাজগঞ্জ বাইপাস সড়কে গাছ ফেলে অবরোধের সৃষ্টি করেন। এ সময় জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। এ ছাড়া তাঁরা ওই সড়কের বাঐতারা এলাকায় বেইলি ব্রিজটি খুলে ফেলেন।এ ছাড়া জামায়াত-শিবিরের কর্মীরা সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের ফকিরতলা, সিরাজগঞ্জ-নলকা সড়কের চণ্ডীদাসগাতী এলাকায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে রেখেছেন।