সিরাজগঞ্জে সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গাজী টিভির প্রতিনিধি সাজিরুল ইসলামকে মারধর করেছেন হরতাল-সমর্থকেরা। এ সময় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার দিয়ার বৈদ্যনাথ এলাকায় এ ঘটনা ঘটে।পেশাগত দায়িত্ব পালন শেষে গতকাল রাত সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ শহর থেকে তাঁর নিজ বাড়ি শিয়ালকোলে যাচ্ছিলেন সাজিরুল। দিয়ার বৈদ্যনাথ এলাকায় পৌঁছানোর পর হরতালকারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হরতালকারীরা তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন এবং তাঁকে বেদম পিটুনি দিয়ে আহত করেন। সাজিরুলকে আহত অবস্থায় উদ্ধার করে গতকাল রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আঘাতে তাঁর ডান হাতে রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় গতকাল রাতেই চারজন বিএনপির স্থানীয় নেতা ও অজ্ঞাত ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।