সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশার একজন চালককে শ্বাস রোধ করে হত্যা করেছে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।নিহতের নাম রবিউল ইসলাম। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের করিম সরদারের ছেলে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শুক্রবার রাত আটটার দিকে চারজন ছিনতাইকারী যাত্রীবেশে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে রবিউল ইসলামের (১৭) অটোরিকশা ভাড়া নিয়ে এনায়েতপুরের উদ্দেশে রওনা হয়। বেলকুচি উপজেলার মাঝাইলে পৌঁছালে দুর্বৃত্তরা অস্ত্রেরমুখে চালক রবিউলকে জিম্মি করে। তারা রবিউলের মুখ, হাত ও পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করে পাশের একটি পাটখেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।এলাকাবাসী আজ শনিবার সকালে পাটখেতের মধ্যে রবিউলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে বেলকুচি থানায় একটি মামলা হয়েছে।এদিকে এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের সঙ্গে সব রুটের সিএনজিচালিত অটোরিকশা চলাচল আজ বেলা ১১টা থেকে বন্ধ রয়েছে।