প্রাণিসম্পদ অধিদপ্তরের সুস্থতার সনদ ছাড়া সিরাজগঞ্জে সব ধরনের গবাদিপশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, এই জেলায় এখন পর্যন্ত যারা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে, তারা সবাই অসুস্থ গরু জবাই, মাংস বা চামড়া কাটাকাটির সঙ্গে জড়িত ছিল। অসুস্থ ওই গরু জবাই না করা হলে তারা কেউ আক্রান্ত হতো না। তাই সুস্থতার সনদ ছাড়া কোনো ধরনের গবাদিপশুকে জবাই না করার নির্দেশ দেওয়া হয়েছে। পশু জবাই করার ক্ষেত্রে ১৯৮৩ সালের সরকারি নীতিমালায় বলা আছে, প্রতিটি পশু জবাই করার আগে প্রাণিসম্পদ কর্মকর্তার সনদ নিতে হবে। কিন্তু বছরের পর বছর ধরে কোনো ধরনের সনদ ছাড়াই পশু জবাইয়ের কাজ চলছে। এমনকি সিরাজগঞ্জের কোথাও কসাইখানা (স্লটারহাউস) নেই। ফলে যত্রতত্র চলে গরু জবাই। তবে অ্যানথ্রাক্সের প্রকোপ শুরু হওয়ার পর কয়েক দিন ধরে সতর্ক হতে শুরু করেছে প্রশাসন ও পৌরসভা। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র গতকাল বুধবার জবাইয়ের আগে প্রতিটি গরু পরীক্ষা করার বিষয়ে করণীয় জানতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, আট বছর ধরে তিনি সিরাজগঞ্জে চাকরি করছেন। কখনো কেউ তাঁদের কাছে পশু জবাইয়ের জন্য কোনো সনদ নিতে আসেননি। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, পৌরসভা ও পৌরসভার বাইরে কোথাও যেন সুস্থতার সনদ ছাড়া কোনো গরু জবাই না হয়, সেটি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সব স্যানিটারি পরিদর্শককেও এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। কীভাবে এটি নিশ্চিত করা হবে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের জনবল এমনিতে কম। তাই পৌর মেয়র, নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে দিকনির্দেশনা ঠিক করা হবে। মৃতপ্রায় অসুস্থ গরুকে জবাই না করার মানসিকতা থেকে বেরিয়ে এসে মৃত বা অসুস্থ গরু অবশ্যই পুঁতে ফেলতে হবে।’ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি ও কামারখন্দ উপজেলায় এ পর্যন্ত অ্যানথ্রাক্সে আক্রান্ত নয়টি গরু এবং দুটি ছাগল জবাই করা হয়েছে। যারাই জবাই ও মাংস কাটার সঙ্গে জড়িত ছিল, কিংবা মাংস খেয়েছে, তারাই এই রোগে আক্রান্ত হয়েছে। শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের বাবু সরকার (৪৫) প্রথম আলোকে জানান, তিনি জবাই করা অসুস্থ একটি গরুর চামড়া কিনেছিলেন। একই গ্রামের আসমা খাতুন মাংস কাটাকাটি করেছিলেন। কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের উজ্জ্বল মিয়া (২০) জানান, অসুস্থ অবস্থায় শবে বরাতের আগে দুটি গরু জবাই করা হয়। তিনি ওই গরুর মাংস কেটেছিলেন। জেলার সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে জানান, সুস্থতা নিশ্চিত করে জবাই করা হলে এ রোগ হতো না। সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ওই তিন উপজেলায় ১১২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার নতুন করে ১০ জন এই রোগে আক্রান্ত হন। তাঁরা হলেন কামারখন্দ উপজেলার ঠাকুরঝি পাড়ার ইব্রাহিম (২২), সাহের বানু (৩৫), জামেলা বেওয়া (৪৫), আবু বকর সিদ্দিক (১৮), আবু আকন্দ (২০), শফিকুল (২৪), আছিয়া (৪০), শামসুন্নাহার (৪৯), মনোয়ারা বেগম (৩০) এবং বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের আজিজুল ফকির (২২)। এ ছাড়া শাহজাদপুর উপজেলার চরচিথুলিয়ায় আবেদ আলীর একটি বকনা বাছুর তড়কা রোগে মারা গেছে। সুস্থতার সনদ ছাড়া যত্রতত্র জবাই: সিরাজগঞ্জ জেলা স্যানিটারি পরিদর্শক রামচন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘সিরাজগঞ্জে পশু জবাইয়ের নির্দিষ্ট কোনো জায়গা নেই। যত্রতত্র গরু জবাই চলে। মাঝেমধ্যে ম্যাজিস্ট্রেটের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাই।’ শাহজাদপুরে একটি কসাইখানা করার পরিকল্পনার কথা জানিয়ে পৌর মেয়র হালিমুল হক জানান, আগে শুধু স্যানিটারি পরিদর্শক জবাইয়ের বিষয়টি দেখতেন। অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার পর এখন থেকে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নেওয়া হবে। বেলকুচির পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক জানান, অনেক আগে এখানে একটি কসাইখানা ছিল। এখন সেটি ভেঙে গেছে। এখন তার আশপাশে জবাইয়ের কাজ চলে। এ বিষয়ে কোনো নিয়ম মানা হতো না। এখন থেকে প্রাণিসম্পদ কর্মকর্তার অনুমতি নিয়ে পশু জবাই করা হবে। কামারখন্দের ইউএনও মজিবুর রহমানও উপজেলায় কোনো কসাইখানা না থাকার কথা উল্লেখ করেন। আক্রান্ত পশুর চলাচলে নিয়ন্ত্রণ জরুরি: ঢাকা থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে সিরাজগঞ্জের অনেক গবাদিপশু এই রোগে আক্রান্ত হয়েছে। এখন সারা দেশে যেন এই রোগ ছড়িয়ে না পড়ে, সে জন্য এই এলাকার গবাদিপশুর চলাচল নিয়ন্ত্রণ খুবই জরুরি। বিশেষ করে অসুস্থ গরু জবাই করে কিংবা মংস যেন ঢাকা বা অন্য এলাকায় নিয়ে না যাওয়া হয়, সেটি নিয়ন্ত্রণ করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক নজর রাখতে হবে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, আক্রান্ত পশুকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাজার কমিটিকেও এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। দুই দিনের মধ্যেই টিকা: জেলা প্রশাসক আরও জানান, সিরাজগঞ্জকে এখন তিনটি ভাগে ভাগ করে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ভাগে আক্রান্ত এলাকা, দ্বিতীয় ভাগে আক্রান্ত এলাকার আশপাশ এবং তৃতীয় ভাগে নিরাপদ এলাকা রাখা হয়েছে। আক্রান্ত এলাকার সব পশুকে আগামী দুই দিনের মধ্যে টিকা দেওয়া হবে। বাকি এলাকায় দ্রুততম সময়ের মধ্যে টিকাদান শেষ করা হবে। পাবনায় আরও ১৭ জন শনাক্তপাবনা অফিস ও বেড়া প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়া উপজেলার পর এবার বেড়া ও ফরিদপুর উপজেলায়ও অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। গত দুই দিনে সাঁথিয়ার পাথালিয়াহাট গ্রামের স্বপ্না খাতুন (৮), শামীমা খাতুন (৬) ও মো. শাহীনুরকে (৩৫) অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এ নিয়ে ওই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জন। এ ছাড়া বেড়া পৌর এলাকার হাতীগাড়া মহল্লার রীনা খাতুন নামের (২৫) এক গৃহবধূকেও অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে সাঁথিয়া উপজেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে একটি গরু মারা গেছে।এদিকে জেলার ফরিদপুর উপজেলার পুঙ্গুলী ইউনিয়নের বিলচান্দক গ্রামে মঙ্গলবার ১৩ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। ওই দিন বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে একটি চিকিৎসা দল ওই গ্রামে গিয়ে এই রোগীদের শনাক্ত করে। তিনি জানান, ২১ আগস্ট ওই গ্রামের জহুরুল ইসলামের একটি গরু অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী সেটি জবাই করে মাংস কিনে নেয়। পরে ওই মাংস খেয়ে গ্রামের রহমত আলী (৪৫), শাহ আলম (৪০), দুখুমিয়া (৩৮), নাছিমা (৩৫), মোহাম্মদ আলী (৪২), রিপন সরকার (৩৫), রবিউল ইসলাম (৩৮) ছোরহাব প্রাং (৩০), আতোয়ার সরকার (৪৫), শিউলী খাতুন (৩৫), শাহেরা খাতুন (৩৫), আহাদ মোল্লা (৬০) ও মোক্তার মোল্লা (৬৫) অসুস্থ হয়ে পড়েন।সাঁথিয়ায় স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ দপ্তর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি আক্রান্ত রোগীসহ এলাকার সব পশুকে প্রতিষেধক দেওয়া হচ্ছে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুরুল ইসলাম জানান, শনাক্ত করা সব রোগীকে প্রতিষেধক দেওয়া অব্যাহত রয়েছে। এলাকাবাসীকে সচেতন করতে গতকাল থেকে অ্যানথ্রাক্সের লক্ষণ, প্রতিকারের উপায়, সতর্কতা ও প্রতিষেধকসহ নানা বিষয়সংবলিত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। অ্যানথ্রাক্স উপদ্রুত এলাকায় কর্মরত চিকিৎসা দলের প্রধান আবদুল আলিম বলেন, ‘এলাকাবাসীর মধ্যে প্রথম পর্যায়ে আতঙ্ক দেখা গেলেও এখন তা দূর হয়েছে। এ রোগের ব্যাপারে গোটা এলাকায় সচেতনতাও সৃষ্টি হয়েছে।’