সিরাজগঞ্জে সেচযন্ত্র বসানো নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামে সেচযন্ত্র বসানো নিয়ে আজ শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নজরুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাহিড়ীমোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামের ইমারত আলীর পরিচালনাধীন সেচযন্ত্রের আওতায় একই গ্রামের আবদুল কাদের সেচযন্ত্র বসাতে যান। এ সময় ইমারত আলীর লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা সংর্ঘষ চলার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে নজরুলের মৃত্যু হয়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।