সিরাজগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ১১ জনের যাবজ্জীবন
২০০১ সালে নির্বাচনোত্তর সহিংসতার ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের মামলায় আদালত আজ বুধবার ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা বা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল জলিল, আলতাব, আবদুর রউফ, হোসেন আলী, লিটন, ইয়াসিন আলী, মোমিম, আবদুল মিঞা, আলতাব-২, জহুরুল ইসলাম ও বাবলু। তাঁদের সবার বাড়ি উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামে। দণ্ডপ্রাপ্তদের প্রথম ছয়জন জেলহাজতে রয়েছেন। বাকিরা পলাতক। আবদুল জলিল ও আলতাবের (বাবা ফজল হোসেন) বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত এবং বাকিরা ধর্ষণের সহযোগী বলে রায়ে উল্লেখ করা হয়েছে।সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার আজ বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মামলায় তিনজন তদন্তকারী কর্মকর্তা ও একজন চিকিত্সকসহ ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামি পক্ষে সাবেক পিপি শামসুল হক এবং বাদীপক্ষে জেলা জজ আদালতের পিপি আবদুর রহমান, ঊর্ধ্বতন আইনজীবী জাহিদ হোসেন, নারী ও শিশু আদালতের বিশেষ পিপি শেখ আবদুল হামিদ লাভলু, এপিপি কায়সার আহমেদ লিটন, আনোয়ার পারভেজ লিমন মামলাটি পরিচালনা করেন।প্রসঙ্গত, ২০০১ সালে নির্বাচনের পর দেশব্যাপী সহিংসতার ধারাবাহিকতায় ওই ছাত্রীকে ধর্ষণ ও তার পরিবারকে নির্যাতন করা হয়। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করে।আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ইতিপূর্বে ছয়জন আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।