সিরাজগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ৬ আসামি রিমান্ডে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলা রেস্তোরাঁর সামনে থেকে ২২১ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পুলিশের চার সদস্যসহ ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসান মাহমুদ আজ মঙ্গলবার এই আদেশ দেন।গত শনিবার গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।গত ২৩ জুন ঢাকা থেকে বগুড়াগামী টিআর পরিবহনের নৈশ কোচ উত্তরবঙ্গ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলা রেস্তোরাঁয় যাত্রা বিরতি করে। এ সময় পোশাকধারী তিনজন ও সাদা পোশাকে একজন কনস্টেবলসহ ছয়জন বগুড়ার নিসিনধারা মণ্ডলপাড়ার স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলী ব্যাপারীকে নামিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। অটোরিকশাটি বগুড়ার দিকে রওনা হওয়ার পর ওই ব্যবসায়ীর কাছে থাকা ২২১ ভরি স্বর্ণ, মোবাইল ফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। পরে তাঁরা ব্যবসায়ীকে বগুড়ার শেরপুরে নামিয়ে দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় রায়হান আলী রায়গঞ্জ থানায় একটি ছিনতাই মামলা করেন।এরপর ডিবি পুলিশ ওয়াসিম হোসেন বাবুকে সিরাজগঞ্জের পুলিশ লাইন থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশের অন্য তিন সদস্য শাহনেওয়াজ ওরফে সুমন, রাজু আহম্মেদ, গোলাম রব্বানী এবং বগুড়া সদরের শাখাবাড়িয়া গ্রামের আতাউর রহমান ও ঠেঙ্গামারা দক্ষিণপাড়ার দৌলত জাহানের নাম উল্লেখ করেন। এরই ভিত্তিতে ডিবি পুলিশ গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।