সিরাজগঞ্জে স্বাস্থ্য ক্যাম্প মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেবে সরকার: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। মানুষ যেন সুন্দর জীবন পায়, ঘরে বসে চিকিত্সাসেবা পায় সে জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে আয়োজিত এক স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তিনি বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তারা চালের দাম নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০০৯ সালে নয়, ১৯৯৬ সালের নির্বাচনের আগে আমরা বলেছিলাম ১০ টাকা কেজি দরে চাল খাওয়াব। আমরা সে প্রতিশ্রুতি পূরণ করেছিলাম। এবার ২২ টাকা কেজি দরে ন্যায্য মূল্যে চাল বিক্রি করা হচ্ছে।’ তিনি বলেন, কৃষকদের কৃষি উপকরণ কার্ড দেওয়া হয়েছে। তারা এই কার্ড দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, মত্স্য ও প্রাণী সম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রমুখ। প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের চিকিত্সক ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। ক্যাম্পে ৮০ জন চিকিত্সক প্রায় আট হাজার রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।