সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই নিহতেরা হলেন, সিএনজির চালক জাহাঙ্গীর, যাত্রী আর্জিনা বেগম (২২) ও খায়রুল ইসলাম (১৮)। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর মারা যায়। তাঁরা হলেন আর্জিনার স্বামী এরশাদ আলী (৩৫) ও তাঁর চার মাসের শিশুসন্তান আবদুল্লাহ। নিহত খায়রুল ইসলাম আর্জিনার ভাগনে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরন্নবী জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকা হোড়গাতীতে ঝিনাইদহ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এলাকাবাসী বাসটি আটক করেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।