সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
হাটিকুমরুল-বনপাড়া সড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতেরা হলেন—নাটোর জেলার সিংড়া গ্রামের আবদুস সোবাহান (৬৫), ছেলে মনিরুদ্দিন (৪০), নাতনি আমেনা খাতুন (২৭ দিন) এবং সলঙ্গা থানার চড়িয়া গ্রামের অটোরিকশাচালাক আশরাফ আলী (৩৫)। আহতরা হলো মনিরের স্ত্রী মানসুরা বেগম (২৮) ও মেয়ে মর্জিনা খাতুন (১০)। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল কাদের জানান, বনপাড়া-হাটিকুমরুল সড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাসস্ট্যান্ড থেকে সিএনজি-চালিত অটোরিকশায় করে আবদুস সোবাহানের পরিবারের সদস্যরা বেলকুচি উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি চড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে নাটোরগামী পদ্মা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে।এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।