সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী নামক এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গ্রামের বাসিন্দা ছাপাখানার শ্রমিক মোতাহার আলী (৪৫) ও বরগুনা জেলার আবদুল মান্নান (৩৫)। শাহজাদপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, আজ ভোরে ছাপাখানার মেশিন বোঝাই একটি মিনি ট্রাক ঢাকা থেকে পাবনার যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মেশিন বোঝাই ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোতাহার ও মান্নান মারা যান এবং ইব্রাহীম খলিল ও আবুল বাশার নামের দুজন যাত্রী আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ইব্রাহীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে।