সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার তাড়াশ-সলঙ্গা সড়কের চারাবটতলা এলাকায় আজ রোববার সকালে ট্রাক ও সিএনজিচালিত হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে সলঙ্গা-তাড়াশ সড়কের চারাবটতলা নামক স্থানে অলিদহ থেকে সলঙ্গাগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত হিউম্যান হলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হিউম্যান হলারের যাত্রী শহিদুল ইসলাম (৩০) নিহত হন। আহত হয় আরও চারজন যাত্রী। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নিহত শহিদুল সলঙ্গা থানার অলিদহ গ্রামের নাজির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।