সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ৪ ঘণ্টা সড়ক অবরোধ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আজ শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১০) নামের একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই ছাত্র। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে তিনটি বাস ভাঙচুর করেছে। পরে পুলিশের মধ্যস্থতায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। হতাহতরা সবাই স্থানীয় আল জামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। নিহতের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার সাতারা গ্রামে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজ কুমার রায় জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে ওই সড়কের রৌহাবাড়ীতে একটি বাস সাইকেল আরোহী তিনজন মাদ্রাসা ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যায়। অপর দুই আরোহী ছাত্র আমিন (৯) ও মাসুদ (৫) আহত হয়। ঘটনার পর মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে তিনটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দুপুর সাড়ে ১২টার দিকে আবার যান চলাচল শুরু হয়। আহতদের কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।