সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক এলাকায় দুটি ট্রাকের সংঘর্ঘে চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চালক সফিকুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি বগুড়া জেলায়। অন্য দুজন হলেন হেলপার ও মাছ ব্যবসায়ী। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা নামক স্থানে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রাকটি সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে তিনটার দিকে ওই সড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় বগুড়াগামী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের দুই পাশে আরও যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে গাড়িগুলো সরিয়ে নিলে ভোর সাড়ে পাঁচটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।