সিরাজগঞ্জে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে আওয়ামী লীগের কর্মী ইমরুল কায়েস কনক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।দণ্ড পাওয়া ১৫ জনের মধ্যে তিনজন পলাতক। অবশিষ্ট ১২ জনের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ লায়লা সালমা বানু গতকাল সোমবার বিকেলে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুজনকে বেকসুর খালাস দিয়েছেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন প্রিন্স, আবদুল খালেক, শামিম (১), শামিম (২) ও হিটলার। তাঁদের মধ্যে প্রিন্স ও আবদুল খালেক পলাতক। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন শাহ জামাল, মোজাম্মেল, টমাস, নবির, রুবেল, মিলন, আনিস, রাজ্জাক, টেনিস ও খালেক। রাজ্জাক পলাতক রয়েছেন। দণ্ড পাওয়া সবাই বিএনপির কর্মী ও সমর্থক। তাঁদের সবার বাড়ি কাজীপুরের চালিতাডাঙ্গা গ্রামে। রায় ঘোষণার পর দণ্ড পাওয়া ১২ জনকে জেলা কারাগারে পাঠানো হয়।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৭ অক্টোবর সন্ধ্যার দিকে আওয়ামী লীগের কর্মী ইমরুল কায়েস (৩০) মেলা দেখে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তাঁরা উপজেলার চালিতাডাঙ্গা বাজারের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালিয়ে কনককে কুপিয়ে হত্যা করে। নিহত কনকের চাচা আনোয়ার হোসেন কাজীপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ২০০২ সালের ২৯ জুন সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত একই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি সিআইডিতে ন্যস্ত করার আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক তোফাজ্জল হোসেন ২০০৩ সালের ৩১ জুলাই সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এবারও বাদী নারাজি আবেদন করেন। শুনানি শেষে আদালত ২০০৪ সালের ১০ জানুয়ারি নারাজির আবেদন না মঞ্জুর করে সিআইডি পুলিশের অভিযোগপত্র গ্রহণ করেন। ওই আদেশের বিরুদ্ধে বাদী রিভিশন আবেদন করলে আদালত মামলাটি একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সিআইডির এএসপি মো. সরোওয়ার্দী অধিকতর তদন্ত করে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ১৭ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার পর বাদী আনোয়ার হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে আসামিরা যে তাণ্ডব চালিয়েছিলেন তা ছিল এক কথায় ভয়ংকর। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’