সিরাজগঞ্জে হরতাল-সমর্থকদের ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পাঁচটি দোকান, একটি বাড়ি ও একটি স্কুল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। এতে অন্তত ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পাঁচটি দোকান, বাড়ি ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে হরতাল-সমর্থকেরা। এতে অন্তত ১০ জন আহত হন। বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সংঘর্ষ এখনো চলছে। রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।এদিকে, সকাল সোয়া আটটার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী বাজারে হরতাল-সমর্থকেরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।